রোজদিন ডেস্ক : রোজভ্যালি চিটফাণ্ডে প্রতারিত লগ্নিকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের গঠিত অ্যাসেটস ডিসপোজাল কমিটি ষোড়শ ধাপে ১২ হাজারের বেশি লগ্নিকারীকে প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ টাকা ফেরত দেবে বলে জানিয়েছে। যাঁদের দাবি যাচাই করে সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাঁরা এই টাকা পাবেন। কমিটি জানিয়েছে, মোট ২৩ হাজার ১৮৬টি দাবির মধ্যে যাচাইয়ের পর ১২ হাজার ১১৬টি দাবি সঠিক বলে পাওয়া গিয়েছে। বাকি ১১ হাজার ৭০টি দাবিতে বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে। সেই সব ক্ষেত্রে আবেদনকারী প্রয়োজনীয় সংশোধন করতে বলা হয়েছে। কিছু দাবির ক্ষেত্রে এখনও বিশ্লেষণ প্রক্রিয়া চলছে।
বর্তমানে প্রতিটি দাবির ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে শেঠ জানিয়েছেন, যাঁরা এখনও দাবি জমা দেননি, তাঁদের দ্রুত ওয়েবসাইটে সঠিক নথি আপলোড করতে বলা হয়েছে। এতে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক লগ্নিকারীকে টাকা ফেরত দেওয়া যাবে।

Be the first to comment