রোজদিন ডেস্ক : তোলাবাজি, হুমকি, ভয় দেখানো, জমি দখল-সহ নানা অভিযোগে এবার পুলিশের জালে বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বড়ুয়া। শনিবার তাঁকে গ্রেফতার করল বাগুইহাটি থানা। এই সম্রাট বড়ুয়া ওরফে রাখাল বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তিনদিন আগে দেবরাজের আর এক ছায়াসঙ্গী অমিত চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। এক প্রোমোটারকে মারধর ও তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এই দুই গ্রেফতারিতে আরও বেকায়দায় পড়লেন দেবরাজ চক্রবর্তী। একদা সিভিক ভলান্টিয়ার সম্রাট দেবরাজ-ঘনিষ্ঠ হিসেবে ৬ নং ওয়ার্ডে তৃণমূলের টিকিট পান এবং জিতে কাউন্সিলর হন। স্থানীয়রা বলছেন, দেবরাজ ঘনিষ্ঠ হিসেবে তাঁর উত্থান। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল, হুমকির অভিযোগ রয়েছে। এর আগে বিধাননগর পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুশোভন মণ্ডল এবং ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে একাধিক অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

Be the first to comment