রোজদিন ডেস্ক :
এই প্রথম বেসরকারি হাসপাতালে চালু হল হাড় ব্যাঙ্ক। এর আগে সরকারি এসএসকেএম হাসপাতালে হাড় ব্যাঙ্ক চালু হয়, পূর্ব ভারতে যা প্রথম। সূত্রের খবর, এসএসকেএমে আগে চালু হলেও এখন অবধি সেইভাবে পরিষেবা শুরু হয়নি। কলকাতার আলিপুরের এই বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই এই পরিষেবা শুরু হয়েছে। আজ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তা উদ্বোধন করেন। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মূলত এই হাড় দান ও অঙ্গদানেরই মত। এই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান রাকেশ রাজপুত জানান, টিউমারের জন্য, হাড় ভাঙা ইত্যাদি ক্ষেত্রে বহু সময় হাড় বদলানোর দরকার হয়। কিন্তু শরীরে যদি পর্যাপ্ত হাড় না থাকে তখন বাইরে থেকে তা প্রতিস্থাপন করতে হয়।
ইতিমধ্যে সেখানে ৩৫টি হাড় সংরক্ষিত আছে। তাঁরা প্রয়োজনে সরকারি সহ অন্য হাসপাতাল কেও হাড় দেবেন।
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাঁরা চান রাজ্যের সব মানুষ এই ধরনের সর্বাধুনিক চিকিৎসা পরিষেবা পান।
এর আগে এই বেসরকারি হাসপাতালে হাড়ের চিকিৎসা করে সুস্থ হওয়া বেশ কয়েকজনও আজকের এই অনুষ্ঠানে আসেন।

Be the first to comment