রোজদিন ডেস্ক : তাঁর হাতে লাঠি, ধীরে ধীরে হেঁটে সবার বাড়িই যাচ্ছেন প্রচারে। নবতিপর নারায়ণন নায়ার এই বয়সে প্রথম ভোটে দাঁড়িয়েছেন।আগামী মাসে কেরালার এর্ণাকুলামের পেরামবাভুর আশামাল্লুর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তিনি। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর প্রাক্তন স্বাস্থ্যকর্মী নারায়ণেন নায়ারের এই বয়েসে এসে প্রথম নির্বাচনে লড়া নিয়ে এলাকায় বিস্ময় ও কৌতূহল দেখা দিয়েছে। এলাকাবাসীর কাছে দীর্ঘদিন পরিচিত তিনি, আশা করছেন জয়ী হবেন। কয়েক বছর আগে তাঁর স্ত্রী সিপিএমের প্রার্থী হয়ে জিতেছিলেন।
কিন্তু তিনি নির্দল প্রার্থী কেন এই প্রশ্নে নবতিপর নারায়ণন নায়ার জানান, কোনও দলের হয়ে দাঁড়ালে তাদের কথা মত চলতে হয়।কিন্তু তিনি নিজের মত করে কাজ করতে চান, এলাকার উন্নয়নই তাঁর একমাত্র লক্ষ্য। এর জন্য তিনি কি কি করতে চান, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তা সবিস্তারে জানাচ্ছেন তিনি।
কিন্তু এই নব্বই বছর বয়েসে প্রথম ভোটে দাঁড়ানো?
আত্মবিশ্বাসী প্রার্থী জানান, তিনি একশো বছর বাঁচবেন, এলাকার মানুষ তাঁকে জয়ী করলে প্রতিশ্রুতি মত কাজও করবেন।
আগামী ৯ ও ১১ ডিসেম্বর কেরালায় আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ১৩ ডিসেম্বর। নবতিপর নারায়ণন নায়ার জিতবেন কিনা সেইদিনই জানা যাবে।

Be the first to comment