রাজ্যে কেমিক্যাল হাব গঠনের উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দলের রাজ্য সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে কেমিক্যাল হাব গঠনের প্রস্তাব একদা তুফান তুলেছিল এই রাজ্যে। দীর্ঘ প্রায় দু-দশক পর ফের রাজ্যে কেমিক্যাল হাব গড়ার উদ্যোগ নিতে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
প্রসঙ্গত, নন্দীগ্রামে কেমিক্যাল হাব তৈরির বিরোধিতায় তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির প্রধান সেনাপতিই ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এবার তাঁকে কেন্দ্রর সঙ্গে যৌথভাবে এই কেমিক্যাল হাব গঠনের প্রস্তাব দিলেন দলের রাজ্য সভাপতি। সিঙ্গুর-সহ চারটি জায়গার নাম উল্লেখ করে তিনি জানান, তিনটি রাজ্যে এই কেমিক্যাল পার্ক বা হাব গঠনের প্রস্তাব আছে কেন্দ্রের। যা বিরল সু্যোগ। এই নিয়ে একাধিক রাজ্যের প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে কোন রাজ্য তা পাবে ঠিক হবে। রাজ্য সরকার এই প্রকল্প পাওয়ার জন্য এতে সক্রিয় অংশ নেবে বলে তাঁর আশা।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি তে শমীক ভট্টাচার্য জানান, এই প্রকল্পে রাজ্যকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। কেন্দ্র দেবে এক হাজার কোটি টাকা। এই হাব বা পার্ক তৈরির জন্য রাজ্যের আইনি জটিলতাহীন দু-হাজার একর জমি থাকতে হবে। এটি হলে কি সুফল মিলবে তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্র ছাড়া এখানে বিপুল হারে বেসরকারি বিনিয়োগও আসবে। যা রাজ্যের শিল্প ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। রাজ্যে বৃহৎ শিল্পে সরকারের আগ্রহী মনোভাব এর মাধ্যমে তুলে ধরা যাবে। সিঙ্গুর, দুর্গাপুর, হলদিয়া, রঘুনাথপুরে তা রূপায়িত হতে পারে বলে শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেন। অন্য প্রতিদ্বন্দ্বী রাজ্যগুলির থেকে এই রাজ্যকে এগিয়ে রাখতে একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব ও মুখ্যমন্ত্রীকে দেন। এই প্রকল্প রাজ্যে আনার জন্য সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে জানান।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে কিভাবে অগ্রসর হন সেদিকে তাকিয়ে বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*