শুভেন্দুর সভা হয়েছে সাতদিন, সন্দেশখালিতে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শুভেন্দু অধিকারীর সভার সাত দিনের মাথাতেই সন্দেশখালিতে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। রবিবার রাজ‍্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও সুজিত বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রেখা পাত্রের ছায়াসঙ্গী-সহ কয়েকশো বিজেপি কর্মী। এর মধ্যে রয়েছে সন্দেশখালি আন্দোলনের মুখ লতিকা মিস্ত্রিও।

বিশেষত, গেরুয়া শিবিরের এই ভাঙনে ভোটের আগে সন্দেশখালিতে শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে চায়নি বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবির থেকে এক সঙ্গে এত বিজেপি কর্মী-সমর্থকের যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ!

সভায় নাম না করে শুভেন্দু’কে আক্রমণ করে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “ও আবোল তাবোল বকতে শুরু করেছে। পাগল হয়ে গিয়েছে। সন্দেশখালির মানুষের উচিত ও’কে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, যাতে কোনও উস্কানিমূলক বক্তব্য না দিতে পারে। উনি বলছেন ক্ষমতায় এলে বিজেপি নাকি তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমি বলছি, আগে বিজেপি শাসিত রাজ‍্যে এটা চালু করে দেখাক। তারপর, পশ্চিমবঙ্গকে নিয়ে ভাববেন।”

তৃণমূলের ডাকে ওই সভায় এদিন হাজির ছিলেন রাজ‍্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা, সুজিত বসু, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম, জেলা চেয়ারম্যান স্বরোজ বন্দোপাধ্যায়-সহ অন‍্যান‍্য নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*