রোজদিন ডেস্ক : একসময় সিঙ্গুর ছিল কার্যত তাঁর যুদ্ধক্ষেত্র। সেখান থেকে টাটা সংস্থা চলে যাওয়ার পর রাজ্যে তেমন ভাবে শিল্প আসেনি। বিরোধীরা তাঁকে শিল্পবিরোধী তকমা দিয়েছেন। যদিও তা মানতে রাজী নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর সরকার। এবার টাটাদের পরিত্যক্ত সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। আগামী বছর বিধান সভা নির্বাচনের আগে যা মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বড় সাফল্য বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
আজ নাবান্নে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নাহার ইন্ড্রাস্টিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড এই প্রকল্প করবে। এর জন্য সংস্থাকে ১১.৩৫ একর জমি ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে। এই প্রকল্প রূপায়িত হলে আমাজন, ফ্লিপকার্টের মত বিশ্বখ্যাত ই কমার্স সংস্থাগুলির পরিষেবা আরও মসৃণ হওয়ার আশা।
২০০৮ এর অক্টোবরে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছিল টাটার স্বপ্নের গাড়ি প্রকল্প। মাঝে কেটে গেছে এতগুলি বছর। যে সিঙ্গুর তাঁর রাজ্য জয়ের অন্যতম মাইল ফলক, সেখানে শিল্প হলে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তাঁর অনুগামীরা মনে করেন।

Be the first to comment