রোজদিন ডেস্ক : এসআইআরে বিবেচনাধীন ভোটারদের মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। তাঁদের ভবিষ্যত কী, এই নিয়ে আজ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আজ কী রায় দেয় তার দিকেই তাকিয়ে সবাই। এদিকে বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যে ফ্রিজ় হয়ে গিয়েছে। বিবেচনাধীনদের মধ্যে বাদ পড়ারা ট্রাইবুনালের রায়ে ফের বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি পাবেন কিনা সেটাই প্রশ্ন। তারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? সোমবার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাতে পারে সুপ্রিম কোর্ট। এর মধ্যে আজ সোমবার থেকে ট্রাইবুনালের কাজও শুরু হয়ে যাচ্ছে বলেই খবর। রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ রয়েছে। প্রথম দফার জন্য ভোটার তালিকা ফ্রিজ় হয়েছে ৬ এপ্রিল। দ্বিতীয় দফার তালিকা ফ্রিজ় হয়েছে ৯ এপ্রিল। আইন অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রাত ১২টা পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় থাকবে, তাঁরাই ভোট দিতে পারবেন। সেই অনুযায়ীই ফ্রিজ় করা হয়েছে ভোটার তালিকা। কিন্তু যাঁদের নাম বিবেচনাধীন ছিল, তাঁদের মধ্যে অনেকের নাম বাদ গিয়েছে। এখন ট্রাইবুনালের রায়ে যাঁরা পাশ করবেন, তাঁরা এবার ভোট দিতে পারবেন কি না, তা নিয়েই মূল প্রশ্ন। তবে এই নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। কারণ, আইন অনুযায়ী ভোটার তালিকা ইতিমধ্যে ফ্রিজ় হয়ে গিয়েছে। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই ধরনের ভোটারদের ভোটাধিকার চিরতরে হারিয়ে যাবে না। তবে এই নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, তা আদালত বিবেচনা করে জানাবে।

Be the first to comment