রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সীলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যপাল আবু তালেব খানকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত করেছেন। চন্দ্রদীপা ঘোষ ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।আশিস ভট্টাচার্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন। আশুতোষ ঘোষ দায়িত্ব নিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। উদয় বন্দ্যোপাধ্যায় কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন। রাজ্যপালের তরফে জানানো হয়েছে, এই নিয়োগগুলি বিশ্ববিদ্যালয় পরিচালনার স্বচ্ছতা ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে করা হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা পরিমণ্ডলে নতুন নেতৃত্বের হাত ধরে শিক্ষাক্ষেত্রে গতি আসবে বলেই আশা করা হচ্ছে। অক্টোবরের ৬ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতা যাদবপুর-সহ ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। তার তিন সপ্তাহ পর মঙ্গলবার রাজভবনে হবু ৬ উপাচার্যকে ডেকে ২০ মিনিটের বৈঠক করেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার একদিনের পরেই ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সীলমোহর দিল রাজভবন।

Be the first to comment