ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশে রাজ্যে ৯ দিনের বিশেষ শিবির

Spread the love

রোজদিন ডেস্ক : ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা এমএসএমই-র বিকাশের লক্ষ্যে ফের শিল্পের সমাধান কর্মসূচি শুরু করছে রাজ্য সরকার। আগামী ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। প্রতিটি পুরসভা ও ব্লকে আয়োজন করা হবে এই শিবির। উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট সরকারি দফতরের আধিকারিকরা। ছোট ব্যবসায়ীরা তাঁদের সমস্যা নিয়ে ওই শিবিরে সরাসরি হাজির হতে পারবেন। শিল্পের সমাধান শিবিরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে। ব্যবসা শুরু করার জন্য পরিবেশ ও দমকলের ছাড়পত্র, বিদ্যুৎ সংযোগ কিংবা জমি সংক্রান্ত জটিলতা, সবকিছুর সমাধান মিলবে এক ছাদের তলায়। ছোট শিল্পোদ্যোগীরা যাতে সহজেই ব্যাঙ্কঋণ পান তার দিকেও নজর থাকবে প্রশাসনের। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি বস্ত্রশিল্পের নানা প্রকল্পে সুবিধা পাওয়ার আবেদন করা যাবে এই শিবিরে। রাজ্য সরকারের সাতটি দফতর যেমন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ দফতর, সংখ্যালঘু উন্নয়ন দফতর, কৃষি দফতর, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর, কারিগরি শিক্ষা দফতর, আদিবাসী কল্যাণ দফতর এবং অনগ্রসর কল্যাণ দফতরের আধিকারিকরা এই শিবিরে উপস্থিত থাকবেন। সবমিলিয়ে সর্বতো ভাবে ছোট শিল্পদ্যোগীদের পাশে দাঁড়াতে এবার কোমর বেধে নামছে রাজ্য প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*