রোজদিন ডেস্ক : ফলাফল প্রকাশের দিনই স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সাময়িক স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, পরীক্ষার ফল প্রকাশ করা হলেও, তার ভবিষ্যত নির্ভর করবে এই মামলার ওপর। আগামী ১২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ফলে শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় ধাক্কা খেল রাজ্য প্রশাসন। এর আগে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যায়। চাকরিহারা হন ২৬ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষিকা। পুরানো প্যানেল বাতিল করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফের নতুন পরীক্ষা নেওয়ারও নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালত। তাঁদের নির্দেশে ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। সেই মতো পরীক্ষা নেওয়া হয়। এদিন তার ফলাফলও প্রকাশ করে এসএসসি। এদিকে, কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতার জন্য স্কুল সার্ভিস কমিশন অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নেয়, তার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। আবেদনকারীদের দাবি, যাঁরা বাতিল হল, অভিজ্ঞতার ভিত্তিতে তারা কি করে অতিরিক্ত ১০ নম্বর পাবে? বিজ্ঞপ্তি অনুযায়ী, এক বছরের অভিজ্ঞতার জন্য ২ নম্বর করে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সর্বোচ্চ পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হবে। এতে নতুন পরীক্ষার্থীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আবেদনকারীদের দাবি, এটা সম্পূর্ণ আইন বিরোধী। যে সমস্ত প্রার্থীরা বেসরকারি স্কুলে কর্মরত, তাঁদের অভিজ্ঞতার জন্য কোনও নম্বর দেওয়া হচ্ছে না। তাহলে শুধু সরকারি স্কুলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন?

Be the first to comment