রোজদিন ডেস্ক : SSKM হাসপাতালে এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে কড়া হাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এই আবহে এবার রাজ্যের সব হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আজ শনিবার নবান্নে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ স্বাস্থ্য অধিকর্তা, সিএমওএইচ, হাসপাতাল সুপার, পুলিশের শীর্ষকর্তা, জেলাশাসক ও পুলিশ সুপাররা। ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা ও সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সব দফতরের সচিবরাও থাকবেন এই বৈঠকে।
আরজি করের ঘটনার পর রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বদলে ফেলা হয়েছে। কিন্তু তারপরেও হাসপাতাল চত্বরে দুষ্কৃতী তাণ্ডব, জুনিয়র ডাক্তারদের ওপর হামলা-সহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই পরিপ্রেক্ষীতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। মেডিক্যাল কলেজ থেকে মহকুমাস্তরের হাসপাতাল পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হবে ওই বৈঠকে। কোথায় কোনও খামতি আছে কিনা তা দেখা হবে। সব বড় হাসপাতালেই সিসিটিভি বসানো হয়েছে। হাসপাতালের হস্টেল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষী রাখা হয়েছে।
কিন্তু তারপরও কিছু অপ্রীতিকর ঘটনা কেন এড়ানো যাচ্ছে না, তার প্রাথমিক রিপোর্টও চেয়েছেন মুখ্যসচিব। আরজি করের ঘটনার পর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন। সেই বরাদ্দের কোথায় কত খরচ হয়েছে, বা আদৌ হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

Be the first to comment