রোজদিন ডেস্ক :
বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন জেলায় কংগ্রেস সমর্থকদের ২১ জুলাই এর সভায় আসতে বাধা দিচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ অভিযোগ করেন। বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জায়গায় তাঁদের বাসও ভাঙচূর করা হয়েছে। এই সব ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ শুভঙ্কর সরকার বলেন, তৃণমূল ও বিজেপি যে একই তা আবার প্রমাণিত হোল। বিজেপির এই বর্বরোচিত হামলা, আক্রমণের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানান। নতুন সরকারের আমলে একাধিক ঘটনার উল্লেখ করে বলেন, বিজেপি যা করবে তাই আইন! অন্যদের ক্ষেত্রে তা বেআইনি !
দীর্ঘ দিন পর শহিদ মিনারে ২১ জুলাই পালন করছে প্রদেশ কংগ্রেস। কিন্তু সভায় আসার পথে বাধা পাওয়ায় রুষ্ট নেতৃত্ব। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার প্রশ্ন তোলেন, এই কি ভয় আউট, ভরসা ইন এর নমুনা?
পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করে বলেন, এমন চলতে থাকলে তাঁরা কলকাতার রাজপথ বন্ধ করে দেবেন।
সূত্রের খবর, এবার প্রদেশ কংগ্রেসের ২১ জুলাই এর সমাবেশে বহু মানুষ যোগ দিয়েছেন। জেলায় জেলায় তাঁদের আগমনে বাধা দেওয়া না হলে সমাবেশে আরও মানুষ আসতেন।

Be the first to comment