হাইকোর্টের রায়ে স্বস্তি মিলেছিল। কিন্তু সন্তুষ্ট না হয়ে মামলাকারীরা আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। পুজোয় অনুদান মামলায় হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।
এ দিন শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিচ্ছে না সুপ্রিম কোর্ট। সরকারি সিদ্ধান্তেও কোনও হস্তক্ষেপ করবে না আদালত। তবে ডিভিশন বেঞ্চ এ-ও জানায়, মামলাকারীরা যে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরুদ্ধে, সে ব্যাপারে রাজ্যের কী বক্তব্য তা ছ’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে কোর্টকে।
গত ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে অনুদানের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জ্নস্বার্থ মামলা করেন সৌরভ দত্ত এবং এবং দ্যুতিমান বন্দ্যোপাধ্যায় নামের দুই ব্যক্তি। হাইকোর্ট প্রথম শুনানির পর অনুদানের স্থগিতাদেশ দিয়ে দেয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শম্পা চৌধুরীর ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল। মঙ্গলবারের শুনানিতে ডিভিশন বেঞ্চ আরও দু’দিন স্থগিতাদেশ বাড়িয়ে করে বৃহস্পতিবার পর্যন্ত। সঙ্গে এ-ও জানায় বুধবার শুনানি করে বলা হবে এই মামলা গ্রহণযোগ্য কি না। হাইকোর্টে বুধবারের শুনানির পরই কার্যত নিষ্পত্তি হয়ে যায় এই মামলার। উঠে যায় স্থগিতাদেশ।
এরমধ্যেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন মামলাকারীর আইনজীবী। গতকাল প্রধান বিচারপতি মামলার বিষয় শুনে মন্তব্য করেন, ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা।’ শুনানির দিন দেন শুক্রবারই। ঘণ্টা খানেকের শুনানির পর হাইকোর্টের রায়ই বহাল থাকল সুপ্রিম কোর্টে।

Be the first to comment