নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও। যদিও কোর্ট অর্ডার এখনও বেরোয়নি। তবে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, ইডি মামলায় যে শর্তে তিনি জামিন পেয়েছিলেন, সিবিআই মামলাতেও একই শর্ত কার্যকর থাকবে।
সোমবার সিবিআইয়ের মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ‘পার্থ দীর্ঘদিন ধরে জেলে আছেন, কিন্তু মামলার নিষ্পত্তির দিকে কোনও অগ্রগতি হয়নি। তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হচ্ছে না বলেও আদালতে উঠে আসে।’
প্রসঙ্গত, এই নিয়োগ দুর্নীতি মামলায় নীচুতলার বহু কর্মী ও আধিকারিক আগেই জামিন পেয়েছেন। সেই যুক্তি দিয়েই পার্থর জামিনের দাবি আদালতে তোলা হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল।কোর্ট এই শর্তে জানায়, তাঁকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে, নিয়মিত হাজিরা দিতে হবে, এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি নেই।

Be the first to comment