রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় বড়সড় জয় পেল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি মেনে এবার মাইক্রো অবজার্ভারদের ক্ষমতা ছাঁটাই করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সোমবার এই মামলায় আদালত সাফ জানিয়ে দিয়েছে, মাইক্রো অবজার্ভাররা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। তাঁদের ভূমিকা সাহায্যকারীর বেশি নয়। নাম বাদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল ইআরও-রাই। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে ইআরও-দের। যাতে তাঁরা নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেই কারণেই সময় দেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্যে এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ। এর জন্য রাজ্যের পুলিশের ডিজিকেও শোকজ় করেছে আদালত। তাঁকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে।
এর আগের শুনানিতে মাইক্রো অবজ়ার্ভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে। কমিশন জানিয়েছিল, রাজ্য কর্মী না দেওয়ায় মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হয়েছে। সেদিন মুখ্যমন্ত্রী আদালতে হাজির ছিলেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সংখ্যক কর্মী দেওয়া হবে। সেই মতো কর্মী দেওয়ার কথা জানায় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্য নিশ্চিত করবে ৮,৫০৫ জনই গ্রুপ-বি পদমর্যাদার অফিসার। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরও-র কাছে তাঁদের রিপোর্ট করতে হবে এবং, দায়িত্ব গ্রহণ করতে হবে। আর রাজ্য প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। এদিন কমিশনের আইনজীবী জানান, মাইক্রো অবজ়ার্ভারদের অন্তত ১০ দিনের প্রশিক্ষণ দরকার। আমরা সেই প্রশিক্ষণ দিয়েছি। এখনও আর ১৪ লক্ষ শুনানি বাকি রয়েছে। সব শুনে শেষে নথিযাচাইয়ের কাজের সময়সীমা আরও সাতদিন বাড়ানোর কথা ঘোষণা করে বেঞ্চ।

Be the first to comment