প্রতিবেদন: সব ঠিকঠাক থাকলে মঙ্গলবারই কলকাতা পুরসভায় বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল পুর বোর্ড। পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং আজই পদত্যাগ করতে চলেছেন বলেই খবর। সূত্রের খবর, পুর কমিশনারের কাছে তিনি পদত্যাগ পত্র তুলে দেবেন। ডামাতোল চললেও কলকাতা পুরবোর্ড থেকে এখনও কোনও মেয়র পারিষদ বা তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেননি। সেই হিসেবে তারক সিংই হতে চলেছেন প্রথম। এখন প্রশ্র, তাঁর সঙ্গে আর কে বা আর কে কে আছেন। সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে লাইনে যে অনেকেই আছেন তা মানছেন দলের অন্দরমহলের অনেকেই। আসলে সবাই এখন জল মাপছেন। পরিষদীয় দলের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছে তার জল কতদূর গড়ায় তার ওপর অনেক কিছুই নির্ভর করছে। নির্বাচনে হারের পর থেকেই বেসুরো ছিলেন তারক সিং। কালীঘাটে নেত্রীর ডাকা কোনও বৈঠকেই তাঁকে দেখা যায়নি। ভোটে ভরাডুবির পর থেকে কার্যত ছন্নছাড়া তৃণমূল। রাজ্যের ক্ষমতা হাতছাড়া হওয়ার পর কলকাতা-সহ একের পর পুরসভাগুলিরও রাশ হারাচ্ছে তাঁরা।

Be the first to comment