‘আর এই ভুল হবে না, আমরা পদক্ষেপ করব’, ওবিসি মামলায় আদালতের কাছে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যসচিব

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ২০২৪ সালে প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে মুখ্যসচিবকে তলব করেছিল হাইকোর্ট। এই মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়ে ভুল স্বীকার করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

জানা গিয়েছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে বুধবার মুখ্যসচিবকে তলব করেছিল হাইকোর্ট। এদিন মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। এই মামলায় হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিবের কাছে এদিন আদালত জানতে চায়, ‘আপনারা বারবার কোর্টে আশ্বাস দিয়েছেন, তা সত্ত্বেও কী করে নিয়োগ প্রক্রিয়া চলছে? মুখ্যসচিবের কোনও নিয়ন্ত্রণ নেই?’ মনোজ উত্তরে বলেন, ‘আমরা বারংবার আদালতের নির্দেশ সব বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম। তার পরেও কিছু বুঝতে সমস্যা হয়েছিল। তবে আর কোনও সংশয় নেই। মামলার নিষ্পত্তি হওয়ার আগে আর নিয়োগ হবে না।’
এর পরেই আদালত মুখ্যসচিবের কাছে জানতে চায়, ‘আপনি রাজ্যের মুখ্যসচিব, অথচ আপনার কর্মীরা আপনার কথা শুনছেন না! এটা আমাদের কাছে যন্ত্রণার। যদি কেউ আপনাদের নির্দেশ না মানে তা হলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি কেন?’ আদালতের কাছে ক্ষমা চেয়ে মনোজ বলেন, ‘আর এই ভুল হবে না। আমরা পদক্ষেপ করব।’
এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে সরকারের যে সব বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কী পদক্ষেপ নেওয়া হল ২ এপ্রিলের মধ্যে হলফনামা আকারে হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে।
উল্লেখ্য, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। মামলাটি এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*