রোজদিন ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে জিতে রাজ্যে ফিরছে তৃণমূল। শুক্রবার বিকেলে ১৫ হাজার নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় সওয়া এক ঘণ্টার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাড়ে ১৪ বছরের খতিয়ান সমৃদ্ধ উন্নয়নের পাঁচালি-র প্রচারে একাধিক কর্মসূচির ঘোষণা করেন। তাঁর ঘোষণা অনুযায়ী উন্নয়নের পাঁচালির প্রচারে দলের মহিলা সংগঠনের সঙ্গে দলীয় পদাধিকারীরাও থাকবেন।

প্রতিটি বিধানসভায় তিনটি করে টিম তৈরি করা হবে। প্রতিটি টিমে থাকবেন অন্তত পাঁচজন করে কর্মী। এছাড়া “বাংলার সমর্থনের সংযোগ” নামে আরও একটি প্রচার কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। এই লক্ষ্যে ৩৮টি টিম তৈরি করা হবে। ১৮০০ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এই টিমের সদস্যরা। আগামী ১ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। ৩০ দিনের মধ্যে তা শেষ করার নির্দেশ দিয়েছেন অভিষেক। প্রথম ধাপে এই কর্মসূচির পরের ধাপে থাকছে আরও কয়েকটি কর্মসূচি। দ্বিতীয় ধাপে কর্মীদের জন্য রাখা হয়েছে
বিপুল জনসংযোগ কর্মসূচি। যার নাম উন্নয়নের সংলাপ। এর মধ্যে প্রতিটি বিধানসভায় তিনটি করে আলাদা দল তৈরি।করা হবে। এক একটি দল একদিনে পুরো গ্রাম পঞ্চায়েত কভার করবে।
প্রত্যেক দিন ৪টি করে বুথে ‘পাড়ার সংলাপ’ কর্মসূচি পালন করা হবে। এর মাধ্যমে চলবে জনসংযোগ। এই কর্মসূচি কোথায় কীভাবে হচ্ছে তার মিনিট টু মিনিট রিপোর্ট দিতে হবে। জনসংযোগের একেবারে শেষ পর্বে থাকছে “উন্নয়নের চলচ্চিত্র”। এই পর্বে এলইডি স্ক্রিনে প্রতিটি এলাকা ধরে ৪৫ মিনিটের একটি ভিডিয়ো দেখানো হবে। সেখানে গত দেড় দশকে রাজ্যের উন্নয়ন তুলে ধরা হবে।

Be the first to comment