প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত নদীয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : নদীয়ার কিশোর তবলা শিল্পী সুমন সরকার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হলেন। মাত্র ১৬ বছর বয়েসে তাঁর এই সম্মান পাওয়ায় খুশি এলাকার মানুষজন। সরকারি সূত্রে প্রকাশ, শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁর ব্যতিক্রমী অবদান ও সঙ্গীতের মাধ্যমে সমাজসেবার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হল। শিশু বয়েস থেকেই তবলা বাজিয়ে নাম করেছেন এই কিশোর। দেশ-বিদেশের ৬২ টির বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ৪৩টি শংসাপত্র পেয়েছেন এর মধ্যে ২২টিতেই প্রথম হয়েছেন।

জাতীয় কলা উৎসবে তিনি স্বর্ণপদক পান, এই ছাড়া ডোভার লেন সঙ্গীত সম্মেলন, ভারত – বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছেন।

এই বয়েসেই তাঁর সমাজ সচেতনতা ও মুগ্ধ করার মত। পুরস্কারের অর্থ দিয়ে তিনি আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশু দের জন্য তবলা কিনে দেন, তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেন।এই উদ্যোগকে আরও সংগঠিত রূপ দিতে তিনি রাণাঘাট হিউম্যানিটিজ এডুকেশন কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, সেখানে ৪২ জন ছাত্র-ছাত্রী সঙ্গীত শিক্ষার সুযোগ পাচ্ছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য রক্ষা ও প্রসারে সুমন সরকারের নিষ্ঠা ও এর পাশে প্রান্তিক শিশুদের ক্ষমতায়নের প্রচেষ্টা ইতিমধ্যেই সব মহলে প্রশংসা অর্জন করেছে। তিনি এম এস শুভলক্ষী ফেলোশিপ-সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দেয়। সুমন সরকারের এই পুরস্কার প্রাপ্তি শুধু তাঁর শিল্পী সত্তার উৎকর্ষতাই না, তাঁর সামাজিক দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চেতনাকেও সম্মান জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*