রোজদিন ডেস্ক : সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটি (জেপিসি)-তে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টিরও কোনও প্রতিনিধি থাকছে না। শনিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন নিজের এক্স হ্যান্ডলে একথা জানিয়েছেন।
তিনি জানান, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি ১৩০তম সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটিতে তাদের কোনও প্রতিনিধি পাঠাবে না। কারণ এটা একটা নাটক বলেই তাঁরা মনে করছেন।
এদিন তিনি লেখেন,, ‘মোদি-শাহ জেপিসিকে প্রহসনে পরিণত করেছে। সমস্ত জেপিসিতেই শাসক দলের সাংসদদের সংখ্যার আধিক্যর জেরে চেয়ারম্যান পদে বিজেপিরই কাউকে বসানো হয় এবং কমিটির যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয় তা সর্বসম্মতিক্রমে নয় বরং বিরোধীদের দেওয়া গুরুত্বপূর্ণ সংশোধনীও ভোটাভুটির মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয়। চূড়ান্ত রিপোর্টে বিরোধীদের ডিসেন্ট নোট জুড়ে দেওয়া ছাড়া তাদের মতামতের কোনও প্রতিফলনই সেখানে থাকে না।’

Be the first to comment