ভবানীপুরে নয়া রিটার্নিং অফিসার, প্রতিবাদে কমিশনে তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের দাবি, এই নিয়োগ নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে এবং অবিলম্বে তা বাতিল করা উচিত। দলের তরফে নির্বাচন কমিশনের প্রধান ও রাজ্যের সিইওকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সুরজিৎ রায় পূর্বে নন্দীগ্রাম ২ ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করা হয়েছে, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। যিনি ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী। চিঠিতে সুরজিৎ রায়ের বর্তমান পদমর্যাদা এবং নিয়োগের সময় নিয়েও প্রশ্ন রয়েছে। সাধারণত এই পদে জয়েন্ট সেক্রেটারি স্তরের আধিকারিকদের বসানো হয়, সেখানে তাঁর নিয়োগ অস্বাভাবিক। তৃণমূলের অভিযোগ, একজন রিটার্নিং অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁর নিরপেক্ষতা নিয়ে সামান্য সন্দেহও নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের দায়িত্ব অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। এই নিয়োগ সেই নীতির পরিপন্থী বলেই দাবি করা হয়েছে। চিঠিতে তৃণমূলের তরফে চারটি দাবি জানানো হয়েছে। এক, সুরজিৎ রায়ের নিয়োগ অবিলম্বে বাতিল করা, তাঁকে সমস্ত নির্বাচনী দায়িত্ব থেকে সরাতে হবে। তাঁর পরিবর্তে সম্পূর্ণ নিরপেক্ষ ও জ্যেষ্ঠ আধিকারিককে নিয়োগ করা এবং ভবানীপুরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই বিষয়ে কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*