রোজদিন ডেস্ক :
বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় প্রথমে গালিগালাজ, তারপর অশীতিপরকে লাথি, এর জেরে তুলসী অধিকারী (৮২)-র মর্মান্তিক মৃত্যু। অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের পুর প্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
ব্যারাকপুরের মণিরামপুরের এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবার, স্থানীয় মানুষের চাপে অভিযুক্ত পুর প্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রের খবর, প্রতিবেশীর বেআইনি নির্মাণের প্রতিবাদে পুরসভায় চিঠি দিয়েছিলেন তুলসী অধিকারী। এই নিয়ে আজ ২৩ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর পুত্র হেমন্তর সঙ্গে অভব্য ব্যবহার করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্ত পুর প্রতিনিধি তাঁকে মারধর করেন। এর জেরে তুলসী অধিকারীর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
পুর প্রতিনিধি তা অস্বীকার করে পালটা মৃতের ছেলের দিকেই অভিযোগের আঙুল তোলেন। এই নিয়ে চাপান উতর চলে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মৃতের পরিবারের পাশে দাঁড়ান। পুলিশ পরে অভিযুক্ত পুর প্রতিনিধি রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত চলছে।

Be the first to comment