রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মধ্যেই এবার রাজ্যসভার ৫ আসনে নির্বাচন। নির্বাচনের আগে মঙ্গলবার থেকে তৎপরতা শুরু হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে। সূত্রের খবর ২৭ তারিখের মধ্যে নাম ঘোষণা হবে প্রার্থীদের। আগামী ৫ মার্চ দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেন। তৃণমূল পরিষদীয় দলের তরফে বিধায়কদের প্রস্তাবক হিসাবে সই করার জন্য বার্তা পাঠানো শুরু হয়েছে। গোটা বিষয়টি তদারকি করছেন তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। সেই বিজ্ঞপ্তি প্রকাশের দিন বা তার পরদিনই তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। এখন লাখ টাকার প্রশ্ন, কারা পাচ্ছেন তৃণমূলের টিকিট? প্রথমতঃ সুব্রত বক্সি ফিরছেন না একরকম নিশ্চিত। মৌসম নূরের বদলি খুঁজতে হবে। তিনি কে? দলের অন্দরে শেষ বেলায় ওই আসনে এক সংখ্যালঘু নাম উঠে আসছে। তিনি রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীও বটে। মন্ত্রী ছাড়াও তাঁর আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন। তাঁকেই এবার দিল্লিতে পাঠাতে চায় নেতৃত্ব। তিনি কি রাজি হবেন? সূত্র বলছে, প্রথমে আপত্তি থাকলেও তিনি নাকি এখন অনেকটাই রাজি হয়েছেন। তাঁর ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্রে তাঁর ঘনিষ্ঠ কাউকে দিতে হবে, তাঁর এমন শর্তও নাকি মেনে নিয়েছে দল। এই অবস্থায় তাঁকে দিল্লিতে পাঠিয়ে দিলে মন্ত্রীত্ব ছাড়া বাকি কাজগুলি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টি খুঁটিয়ে দেখছে। তবে তাঁকে দিল্লি পাঠাতে সক্রিয়দের দাবি ওটা কোনও সমস্যা হবে না। তিনি অবশ্য মনে প্রাণে দিল্লি পাড়ি দিতে চান না। ফলে শেষ পর্যন্ত একটা টানাপোড়েন থাকছেই।

Be the first to comment