তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি এবার ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’ চিঠি ধরিয়ে দিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে ফের চূড়ান্ত হুঁশিয়ারি দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার বিধানসভায় বিধায়ককে নিজের ঘরে ডেকে পাঠান শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে দলের নির্দেশ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। সূত্রের খবর, ওই চিঠিতে ‘লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং’ বলে উল্লেখ রয়েছে।
গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসকদলকে। জনসমক্ষে ও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে দল। পরিস্থিতি সামাল দিতেই নড়েচড়ে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে নিজের ঘরে ডেকে পাঠান কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বৈঠকেই তাঁর হাতে তুলে দেওয়া হয় চূড়ান্ত সতর্কবার্তার চিঠি।
আগে শোকজ করে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল হুমায়ুনকে। তিনি হাজিরাও দেন। কিন্তু তার পরেও আচরণে পরিবর্তন না আসায় এবার কড়া পদক্ষেপ। তৃণমূল সূত্রে ইঙ্গিত, এবারও দলের নির্দেশ অমান্য হলে বিধায়ক পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*