রোজদিন ডেস্ক :
ফের উত্তপ্ত মণিপুর। আজ ভোরে বিষ্ণুপুর জেলায় একটি বাড়িতে রকেট হামলায় দুই শিশু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। তাদের মা-র অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, আজ ভোরে মৈরাং এ স্পর্শকাতর পাহাড় – উপত্যকা সীমান্তের এক গ্রামে আচমকা এই রকেট হামলা হয়। কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকা এক বিএসএফ কর্মীর বাড়িতে এই হামলা হয়। তাঁর স্ত্রী অনবি বিনীতা ও দুই শিশু সন্তান বাড়িতে ছিলেন। বিস্ফোরণে পাঁচ বছর ও পাঁচ মাস বয়সী দুই শিশু প্রাণ হারায়। বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, পাহাড়ের দিক থেকে আসা এক দূরপাল্লার অস্ত্র ছুঁড়ে এই আক্রমণ হয়।
এই ঘটনার প্রতিবাদে আজ ফের রণক্ষেত্র হয়ে ওঠে মণিপুর। উপত্যকার বিভিন্ন জেলায় উত্তেজিত জনতা দুটি তেল ট্যাঙ্কার ও একটি লরিতে আগুন দেয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়৷ মৈরাং থানায় উত্তেজিত জনতা তুমুল বিক্ষোভ দেখান। এই ঘটনায় এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় বিধায়ক থোঙ্গম শান্তি এর আক্রমণের তীব্র নিন্দা করেছেন। প্রশাসনের পক্ষে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি থমথমে।

Be the first to comment