রাজ্যে সরকারের শূন্যপদ পূরণের উদ্যোগ 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্য সরকার সব দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্য পদগুলি পূরণের জন্য দ্রুত উদ্যোগ নিচ্ছে। আগামী ৩ জুনের মধ্যে কোন দফতরে কত শূন্য পদ আছে তার বিশদ তথ্য চাওয়া হয়েছে। গত ১ মে অবধি এই শূন্য পদ কত আছে সংশ্লিষ্ট সব দফতরকে তা অর্থ দফতরকে জানাতে হবে।

সূত্রের খবর, সরকারের বিভিন্ন দফতরে প্রায় ছয় লক্ষ পদ শুন্য আছে। এই সব পদ পূরণ হলে একদিকে যেমন প্রশাসনের কাজে গতি আসবে, রাজ্যে কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে বলে ওয়াকিবহাল মহল মনে করেন। প্রাক্তন সরকারের আমলে সরকারের শূন্য পদ কার্যত পূরণই হয়নি বলে অভিযোগ শোনা যেত।

প্রায় সব দফতরেই চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মী দিয়ে কাজ করানো হোত। ফলত এতে প্রশাসনের কাজের গতি শ্লথ হয়ে পড়ার অভিযোগ হামেশাই উঠতো।

ক্ষমতায় এসেই নতুন সরকার এই বিষয়ে দৃষ্টি দেওয়ায় খুশি সব মহল। ইতিমধ্যে রাজ্য সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই সব ইতিবাচক সিদ্ধান্ত তীব্র বেকার সমস্যায় জর্জরিত রাজ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

অন্যদিকে সরকারের বিভিন্ন দফতরে চুক্তি ভিত্তিক, অস্থায়ী কর্মী কত আছেন, তা নিয়েও অডিট হবে। সূত্রের খবর, বহু দফতরে প্রয়োজনের অতিরিক্ত অস্থায়ী কর্মী নেওয়া হয়েছিল কিনা, তাঁরা কি কাজ করতেন, সব কিছুই এই অডিটের আওতায় আসবে। যা নিয়ে এই ধরণের কর্মী মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*