রোজদিন ডেস্ক : শীতের পালা শেষ করে এবার শুরু হচ্ছে গরমের দাপট। তা শুরু হওয়ার আগে শহর কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও আরামদায়ক করতে ২৫টি নতুন শীতাতপনিয়ন্ত্রিত সিএনজি বাস পথে নামাল রাজ্যের পরিবহণ দফতর। নতুন চালু হওয়া বাসগুলি শহর ও সংলগ্ন জেলার মধ্যে নির্ধারিত ২১টি গ্রিন করিডরে চলবে। এই করিডরগুলির মাধ্যমে কলকাতার সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যুক্ত হয়েছে। এর পাশাপাশি, তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউ টাউন, সেক্টর ফাইভ রুটেও কিছু পরিষেবা চালু করা হয়েছে, যাতে নিত্যযাত্রীদের যাতায়াত আরও মসৃণ হয়। পরিবহণ দফতর বলছে, সিএনজি চালিত এই শীতাতপনিয়ন্ত্রিত বাসগুলি একদিকে যেমন দূষণ নিয়ন্ত্রণে সহায়ক হবে, তেমনই যাত্রীরা আরও আরামদায়ক ভাবে বাসযাত্রা করতে পারবেন। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহে ধাপে ধাপে আরও নতুন বাস রাস্তায় নামানো হবে। যাতে শহর ও পার্শ্ববর্তী এলাকার গণপরিবহণ পরিষেবায় উল্লেখযোগ্য উন্নতি আনা যায়। মার্চ মাসের মধ্যে শহর ও শহরতলিতে এই ধরনের বাসের সংখ্যা বাড়িয়ে দুশোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে পরিবহণ দফতর।

Be the first to comment