রোজদিন ডেস্ক : পরিকাঠামো নয়, স্কুলে পড়ানোর মানই উদ্বেগজনক। রাজ্যের স্কুলগুলি পরিদর্শনের পর এমনই এক রিপোর্ট সম্প্রতি হাতে এসেছে রাজ্যের শিক্ষা দফতরের। রিপোর্ট হাতে পেয়েই চিন্তিত শিক্ষা দফতর। রিপোর্ট বলছে, ক্লাসরুম টিচিং বা শ্রেণিকক্ষে পঠনপাঠনে ডাহা ফেল সিংহভাগ স্কুলই। রাজ্যজুড়ে স্কুলে স্কুলে বিশেষ পরিদর্শন চলার পর এমনই উদ্বেগজনক ছবি উঠে এসেছে। স্কুলের অন্যান্য পরিকাঠামো নিয়ে অবশ্য বিরাট কোনও শঙ্কার কারণ দেখতে পাচ্ছেন না পরিদর্শকরা। তবে, স্কুলের যে মূল উদ্দেশ্য, পঠনপাঠন, সেখানেই গোলমাল। এই দায় প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষকদের পাশাপাশি পড়ুয়া এবং অভিভাবকদেরও নিতে হবে, এমনই মত পরিদর্শকদের।
বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলতি বছরের মতো গত বছরও রাজ্যের স্কুলগুলিতে বিশেষ পরিদর্শন হয়েছিল। সেই রিপোর্ট সম্প্রতি জমা পড়েছে স্কুলশিক্ষা দফরের কাছে। ডিআই থেকে শুরু করে এডিআই, এআই, এসআই স্তর পর্যন্ত আধিকারিকরা এতে অংশ নিয়েছিলেন। ৫০টি পয়েন্টের উপর সমীক্ষা হয়। তাতে দেখা গিয়েছে, পাঠদানের ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুমের পরিকাঠামো তো অনেক দূর, বহু স্কুলে ব্ল্যাকবোর্ডই ঠিকমতো ব্যবহার করা হয় না। ‘টিচিং লার্নিং মেটেরিয়াল’ অর্থাৎ ব্যবহারিক সামগ্রীর মাধ্যমে পাঠদানের অনীহাও উদ্বেগজনক। এই ‘টিএলএমে’র মধ্যে বইখাতার পাশাপাশি গ্লোব, নানারকম চার্ট, বিজ্ঞান বিষয়ের নানা প্র্যাকটিক্যাল উপকরণ, নানা ডিজিটাল টুলস রয়েছে। সেসবের হালও বেশ খারাপ।
ফলে, লার্নিং আউটকাম-এর হাল শোচনীয়। নীচু ক্লাসের অঙ্ক বা টেক্সট বই পড়ার ক্ষেত্রেও সাবলীল নয় পড়ুয়ারা। পরিদর্শকরা অবশ্য এর মধ্যেও আশার আলো দেখতে পাচ্ছেন। বেশ কিছু স্কুল ক্লাসরুম টিচিংয়ে নানা অভিনব এবং উদ্ভাবনী পদ্ধতির সাহায্য নিচ্ছে। সেগুলি মডেল হতে পারে। শিক্ষামূলক চিত্রে ক্লাসরুম সাজিয়ে তোলা, স্মার্ট ক্লাসরুম ব্যবহার, ‘টিএলএমে’র সঠিক ব্যবহারের পাশাপাশি পাপেট্রি অর্থাৎ, পুতুল নাচ বা নাটকের মতো মাধ্যমও ব্যবহৃত হচ্ছে পঠনপাঠনে।বেশ কিছু স্কুল একেবারে নিজস্ব পদ্ধতি ব্যবহার করছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিয়ে গিয়েও পড়ুয়াদের ব্যবহারিক জ্ঞান দিচ্ছে কোনও কোনও স্কুল।সিলেবাসের সঙ্গেও মিশিয়ে দেওয়া হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। তবে, এধরনের স্কুলের সংখ্যা হাতে গোনা এবং সার্বিক অর্থেই ব্যতিক্রম। তবে এই পরিদর্শন রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত বিকাশ ভবন থেকে এ নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।

Be the first to comment