রোজদিন ডেস্ক : পরিবর্তনের রাজ্যে চালু হতে চলেছে কেন্দ্রের পিএম বিশ্বকর্মা যোজনা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রকের তরফে জানান হয়েছে, ঐতিহ্যবাহী কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হতে পারেন প্রায় ৮ লক্ষ কারিগর ও তাঁদের পরিবার। প্রকল্প বাস্তবায়ন নিয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব ও ডেভেলপমেন্ট কমিশনার ড. রজনীশ। বৈঠকে উপভোক্তা চিহ্নিতকরণ, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া নিয়ে আলোচনা হয়। রাজ্যে ইতিমধ্যেই ৭ লক্ষ ৭৯ হাজারের বেশি কারিগর এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে জানা গেছে। তারা সকলেই এই প্রকল্পের সুযোগ পাবেন। নতুন করে প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে।২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ‘পিএম বিশ্বকর্মা’ যোজনা চালু করেন। প্রকল্পের আওতায় ঐতিহ্যবাহী কারিগরদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম কেনার জন্য আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং বাজার সম্প্রসারণের সুযোগ দেওয়া হয়। রাজ্য সরকারও ইতিমধ্যে জেলা ও রাজ্যস্তরে মনিটরিং কমিটি গঠন করার বিজ্ঞপ্তি জারি করেছে।

Be the first to comment