রোজদিন ডেস্ক : আসানসোলের কুলটিতে এক যুবকের রহস্য মৃত্যুতে নাম জড়ালো টিএমসি-র নেত্রীর। পুলিশ টিএমসি-র প্রাক্তন বরো চেয়ারম্যান বেবি বাউড়ি-সহ দুজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, নিহত যুবক কার্তিক বাউড়ি মাত্র ছয় মাস আগে লটারিতে এক কোটি টাকা পেয়েছিলেন। তাই দিয়ে বাড়িও করছিলেন। বাড়িতে তাঁর সন্তানসম্ভবা স্ত্রী, পরিজনরা এই ঘটনায় শোকে মুহ্যমান।
প্রকাশ, গতকাল রাতে খাবার খেয়ে পাড়ায় ঘুরতে গেছিলেন। গভীর রাতেও না ফেরায় পরিবার চিন্তায় পড়েন।রাতে তাঁরা চোর চোর চিৎকার শোনেন।পরে টিএমসি-র প্রাক্তন বরো চেয়ারম্যান বেবি বাউড়ির বাড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কার্তিকের পরিবার এই ঘটনায় বেবি বাউড়িকে দায়ী করেছেন। পুলিশ বেবি সহ দুজন কে গ্রেফতার করেছে। ধৃত টিএমসি নেত্রীর দাবি, গতকাল গভীর রাতে তাঁদের বাড়িতে মুখে গামছা বেঁধে কেউ ঢুকেছিল। দোতলায় ঘুমন্ত শিশুদের গায়ে পা লাগলে তারা ভয় পেয়ে চিৎকার করলে সে নীচে ঝাঁপ মারে। মুখে গামছা বাঁধা থাকায় সে কে তাঁরা বুঝতে পারেন নি। চুরি করার জন্যই সে ঢুকেছিল।
কার্তিক বাউড়ির পরিবার এই অভিযোগ উড়িয়ে দেন। যিনি ছয় মাস আগে লটারি পেয়েছেন, তিনি কেন চুরি করতে যাবেন?? তাঁরা সরাসরি বেবি বাউড়ি-র দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

Be the first to comment