রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা কেন্দ্রের। ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের আবেদন খারিজ। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত। বাংলাকে ১০০ দিনের বকেয়া টাকা দিতে হবে কেন্দ্রকে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল।।শুনানির শেষে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এর ফলে রাজ্য বিধানসভা ভোটের আগেই বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু হতে চলেছে। যা বড় জয় রাজ্য সরকারের কাছে। আর এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, ”বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার।” শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলেও উল্লেখ করেন অভিষেক। তিনি আরও লেখেন, “রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে পেরে না ওঠায় বঞ্চিত করাকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে বিজেপি। অর্থনৈতিকভাবে বাংলাকে অবরুদ্ধ করে দিতে চাইছে। দরিদ্র মানুষের রুজি-রোজগার ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু আমরা হার মানব না। ন্যায়ের জন্য লড়াই করব। যারা মনে করে বাংলাকে চুপ করিয়ে রাখা যায়, আজকের রায় তাদের গালে গণতন্ত্রের থাপ্পড়। ওরা বাংলা থেকে নেয় অথচ বকেয়া মেটায় না। এবার তারা মানুষের ভোটেও হেরেছে, সুপ্রিম কোর্টেও হেরেছে।” আরও লেখেন,
‘যেমনটা আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! জয় বাংলা।”

Be the first to comment