আদালতে উন্নয়ন এর টাকা বকেয়া, তোপ রাজ্যকে

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা উচ্চ আদালত সহ রাজ্যের আদালতগুলিতে রাজ্য সরকার অর্থ না দেওয়ায় ফের তোপ দাগলেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদি আজ ফের রাজ্যকে হুশিয়ারি দিয়ে বলে, রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে? প্রয়োজনে তাঁরা আরবিআই-কে রাজ্যের অ্যাকাউন্ট সিজ করে দিতে বলবেন। উচ্চ আদালত ও আদালতের কাজে অর্থ বরাদ্দ কি প্রশাসনিক কাজের মধ্যে পড়ে না বলে ও তাঁরা প্রশ্ন তোলেন।
উচ্চ আদালতের ধমক খেয়ে যথেষ্টই অস্বস্তিতে রাজ্য। কেন এই অর্থ দেওয়া যাচ্ছে না, তার তেমন যুৎসই জবাব রাজ্য দিতে পারে নি বলে আদালত সূত্রে জানা যায়।
এর আগেও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বেঞ্চ এই মর্মে রাজ্যর কড়া সমালোচনা করেছিলেন। আজ তাঁরা আবারও রীতিমত রুষ্ট হয়ে এই সব নিয়ে জবাব চান।
আদালত সূত্রে প্রকাশ, রাজ্য সরকার অর্থ বরাদ্দ না করায় ৩৬টি প্রকল্পের কাজ আটকে আছে। তিন বছর ধরে বিএসএনএলের বিল বকেয়া। যা নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করে বিচারপতিরা বলেন, এত বছর ধরে বিল বাকি, বিএসএনএল পরিসেবা বন্ধ করে দিলে কি হবে? রাজ্য কি এই বিল দেওয়ার প্রয়োজন মনে করে না?
ক্ষুব্ধ বিচারপতিরা রাজ্যের অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে জানতে চান, বলেন আদালতের অনুমতি ছাড়া আরবিআই কে কোন টাকা না দিতে বলবেন তাঁরা। উচ্চ আদালতের যদি এই অবস্থা হয়, তবে নিম্ন আদালতের কি হচ্ছে বোঝাই যায়!
আজ এই মামলার শুনানির সময় অর্থ দফতরের আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁর কাছে আরবিআই এর অ্যাকাউন্ট নম্বর নেই বলে জানালে রুষ্ট বিচারপতিরা অবিলম্বে মুখ্যসচিবের কাছে এই নম্বর জানতে বলেন। রাজ্য দুদিনের মধ্যে টাকা দেবে বলে অর্থ দফতরের আধিকারিক জানালে বিচারপতিরা জানতে চান, আজ কেন টাকা দেওয়া যাবে না? আজ ছুটি জানালে তাঁরা বলেন, এখন তো সরাসরি ইন্টারনেটেই টাকা দেওয়া যায়!!
রাজ্যের এই ভুমিকায় তাঁরা বাকরুদ্ধ বলে মন্তব্য করেন।
আগামী ১০ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তখন সওয়াল করবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*