রোজদিন ডেস্ক : দু-হাজার আট সালের ২৬ নভেম্বর। দেখতে দেখতে পার হয়ে গেছে সতেরোটি বছর। মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ দিয়েছিলেন ১৬৬ জন নিরপরাধ মানুষ। আহত হয়েছিলেন ৩০০ জন। নিরপরাধ মানুষ ও তাঁদের বাঁচাতে প্রাণ দেওয়া নিরাপত্তা বাহিনীর স্মৃতিতে আজ গভীর শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জঙ্গি হামলায় আমজনতাকে রক্ষা করতে যাঁরা প্রাণ দিয়েছিলেন, সেই শহিদদের শ্রদ্ধা জানান৷ জাতি তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন জানিয়ে তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে৷ প্রগতি, সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে তিনি দেশবাসীকে আহবান জানান।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানো সাধারণ মানুষ ও রক্ষাকারী সৈনিকদের গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ কখনো তাঁদের সাহস, ত্যাগ ও শহিদ হওয়া ভুলবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এক বার্তায় জঙ্গিদের নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে বলেন, সারা পৃথিবী এর প্রশংসা করছে। মুম্বাইয়ে ওই কাপুরুষোচিত, অমানবিক হামলার তিনি তীব্র নিন্দা করে ওইদিনের ঘটনায় নিহত শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। বলেন, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের অভিশাপ না, সমগ্র মানবজাতির পক্ষেই ক্ষতিকারক।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আসা জঙ্গিদের অতর্কিত ভয়াবহ আক্রমণে মুম্বাই-এ ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সব মিলিয়ে ১৬৬ জন প্রাণ হারান।
সারা দেশ ও বিশ্ব এই ভয়ঙ্কর আক্রমণের তীব্র নিন্দা করে।

Be the first to comment