সুবর্ণ জয়ন্তীতে ভাস্কর রাও নৃত্য ও সংগীত সম্মেলন

Spread the love

প্রাচীন কলাকেন্দ্র-র (চন্ডিগড়) “অল ইন্ডিয়া ভাস্কর রাও নৃত্য ও সংগীত সম্মেলন” সুবর্ণ জয়ন্তী পূর্ণ করল। সম্প্রতি কোভিড বিধি মেনে চন্ডিগড় টেগোর থিয়েটারে (সেক্টর -১৮) সপ্তাহ ব্যাপী চলা এই অনুষ্ঠান সম্পন্ন হল। পদ্মবিভূষণ বিশ্বমোহন ভাট অসুস্থতার জন্য সূচনার যুগলবন্দির পরিবর্তে পুত্র সলিল ভাটের সাপ্তিক বীণার একক উপস্থাপনা; ছিল পণ্ডিত রবিশঙ্কর সৃষ্ট রাগ যজ্ঞেশ্বরী।
পরে সলিল তবলাসঙ্গী অভিষেক মিশ্র, রাজস্থানি লোকসঙ্গীত শিল্পী ও খরতাল বাদক কুতলা খান ও তরুণ ড্রামার পার্থ কোসার একযোগে পরিবেশন করেন রাগ ভূপালী, পাহাড়ি ও লোকসংগীত।

ওডিশি নৃত্যশিল্পী বিদুষী সুজাতা মহাপাত্র ও সহযোগী নৃত্যশিল্পীরা নিবেদন করেন মঙ্গলাচরণ : গীতগোবিন্দম , হংসধ্বনি পল্লবী ইত্যাদি। অন্যদিকে কথক নৃত্যশিল্পী সমীরা কোসার-এর মনোরম উপহার জয়পুর ঘরের গৎ, নিকাশ, ঠাট, আমন,উঠান,চক্রদার,পড়ন ও উপজ পর্ব। প: তরুণ ভট্টাচার্য সন্তুরে শোনান জনসম্মোহনী রাগ (আলাপ, জোড়,গৎ, ঝাঁপতাল, তিনতাল, সওয়াল জবাব)। পূর্ণিমা ভাট চমৎকার পরিবেশন করেন রাগ পুরিয়া কল্যাণ (আলাপ, বন্দিশ, বিলম্বিত একতাল)। বাঁশিতে রাকেশ চৌরাশিয়া শোনান দুর্গা (আলাপ,জোড়, মধ্যলয়, পাহাড়ি ধুন )। মহালক্ষ্মী শেনয়-র নির্বাচন রাগ কলাবতী ( আলাপ, বিলম্বিত একতাল , বন্দিশ : সজন ঘর আয়ে, দ্রুত তিনতাল : তুমারে বিনা মে তো)।

শেষে ভজন : কংকানি ও কন্নড় । মল্লিক ব্রাদার্স পরিবেশিত রাগ যোগ ( আলাপ, বিলম্বিত ধামার তাল : খেলান আয়ি হোরি কানহাই, সুরতাল : কৃপালম মহাকাল)। বর্মন বন্ধু-র : তবলা ও শ্রীখোলে ছিলেন মধু ও গোপাল বর্মণ। রূপক তালে ধীর লয়ে উপস্থাপনা–তিস্রজাতি ছন্দে কায়দা, টুকরা গৎ ও চক্রদার। অন্যদিকে দুজনের মধ্যে তিন তালে কায়দা বাজানোর বোঝাপড়াও ছিল। প: অলোক লাহিড়ী ও অভিষেক লাহিড়ী সরোদ বাদনে শোনান রাগেশ্রী (আলাপ, জোড়, ঝালা, ঝাঁপতাল ও তিন তাল গৎ)। কাফি ছিল রূপক তালে। অম্বরীশ দাস পরিবেশিত রাগ ইমন ( আলাপ, বিলম্বিত একতাল, বন্দিশ : কাজরা ক্যাইসে ডালু, দ্রুত বন্দিশ: অবগুণ না কিজিয়ে গুণী সঙ ইত্যাদি)। জয়দেব ও রাজবিন্দর দ্বৈত তবলা বাদনে পেশ করেন পঞ্জাব ঘরাণার রেলা, কায়দা ও পালটা।

রঙ্গনতারাত্মার নৃত্য আঙ্গিকে প্রাপ্তি : নাদ, বিন্দু, কলা, রস ইত্যাদি উপাদান। নাচ, গান, তালবাদ্যে পরিপূরক শিল্পীরা হলেন দেবাশিস অধিকারী, আক্রম খান, ড: তরুণ যোশী, হিরন্ময় মিত্র, পারমিতা মুখোপাধ্যায় প্রমুখ। ফেসবুক ও ইউ টিউব-এ অনুষ্ঠান সংরক্ষিত আছে।

https://youtu.be/iZcDYuel3RM

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*