মানুষের চিন্তাতেই মন পড়ে রাজীবের, দিলেন বিশেষ বার্তা

Spread the love

নির্বাচনে মানুষ তাঁর পক্ষে রায় দেয়নি। কিন্তু মানুষের চিন্তাতেই মন পড়ে রাজীবের। ঘূর্ণঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি চলছে জোরকদমে। তার আগেই সাধারণ মানুষের জন্য বিশেষ বার্তা দিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের ঠিক আগেই তাঁর তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত চমকে দিয়েছিল সকলকেই। গেরুয়া শিবির তাঁকে ডোমজুড় কেন্দ্রে পদ্ম ফোটানোর দায়িত্ব দিলেও বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কার্যত ভরাডুবি হয় বিজেপির। প্রাক্তন এই মন্ত্রী নির্বাচনে হেরে যান।

নির্বাচনে হারার পর তিনি জানিয়েছিলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করেন এবং করে যাবেন।’ রাজীবের গলায় এই উল্টো সুরে গুঞ্জন ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তবে কি ফের শিবির বদল করতে চলেছে রাজীব? যদিও সেই জল্পনা অনেকটাই থিতিয়ে এসেছে।

এদিকে রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আমফানের সময় সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল রাজীবকে। প্রস্তুতি পর্ব থেকে শুরু করে আমফান পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়ানো, রাজীব ছিলেন সাধারণের পাশে। কিন্তু বর্তমানে তিনি বিরোধী নেতা।

কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষকে রক্ষা করতে ‘সক্রিয়’ রাজীব। একটি টুইটে তিনি লিখেছেন, ‘এক প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, ঘরের ভিতরে থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।প্রশাসনের বার্তা ও ঝড় সংক্রান্ত সতর্কবার্তার দিকে নজর রাখুন। ঘূর্ণিঝড় বিষয়ক সতর্কবার্তার পাশাপাশি করোনা নিয়েও সতর্ক থাকুন। সব সময় মাস্ক পরুন। ঘন ঘন সাবান জল দিয়ে হাত ধুয়ে নিন, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*