রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। সপ্তাহের শেষে আরও একদিন ছুটি বাড়লও তাঁদের। আজ মঙ্গলবার এক নির্দেশিকাতে এমনই ঘোষণা করেছে রাজ্য সরকার। যার ফলে চলতি সপ্তাহে পরপর চারদিনের ছুটি পেল রাজ্যের সরকারি কর্মচারীরা। তালিকায় একদিন ছুটি বৃদ্ধি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির মেজাজে তাঁরা। অর্থাৎ আগামী ১৪ ফেব্রুয়ারি শুধু না সেই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ছুটি থাকবে রাজ্যের সমস্ত সরকারি অফিস।
নতুন নির্দেশিকাতে উলেখ করা হয়েছে , শব-এ -বরাত ও পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে আলাদা আলাদা ছুটি দেওয়া হবে। আগে এই দুইদিনের ছুটি একদিনে দেওয়া হয়েছিল। অর্থাৎ চলতি সপ্তাহের ১৪ ফেব্রুয়ারি এই দুই ছুটির কথা জানিয়েছিল রাজ্য। এবার সেই ছুটি বাতিল করে দুইদিনে দেওয়া হয়েছে। ফলস্বরূপ আগামী ১৩ ফেব্রুয়ারি শব-এ-বরাত এবং ১৪ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ছুটির কথা বলেছে রাজ্য সরকার। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবারের পর শনিবার ও রবিবার পড়েছে। কার্যত সেই দুইদিনও সরকারি অফিস বন্ধ থাকে। তাই ফলস্বরূপ টানা চারদিন ছুটি পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা।
উল্লেখ্য, আগামিকাল রাজ্য বাজেট। ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ১৩ ফেব্রুয়ারি দিনটিকে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, তাই ওই দিন বিধানসভাতেও কোনও কাজ হবে না। যতদূর জানা যাচ্ছে, আগামিকাল বাজেটের দিন দুপুর আড়াইটেয় রাজ্যে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠকে পরিবর্তিত কর্মসূচি রূপরেখা জানিয়ে দেওয়া হবে বিধানসভার তরফ থেকে। সেক্ষেত্রে রাজ্যপালের ভাষণ সংক্রান্ত আলোচনা পিছিয়ে যাচ্ছে। একইভাবে পিছিয়ে যাবে বাজেট বিবৃতির উপর ২ দিনের আলোচনাও।

Be the first to comment