ছেলের মৃত্যু শোকে একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- একই পরিবারের তিন সদস্য আত্মঘাতী। এই মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার সকালের গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে ঘটে। কিছুদিন আগে প্রৌঢ় দম্পতির ছেলে আত্মহত্যা করেছিলেন।
বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার করা হয় মা-বাবা আর ঠাকুমার দেহ। ছেলের শোকেই এমন মর্মান্তিক পরিণতি বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অনিমা নন্দী(৭৫), কাশীনাথ নন্দী(৫৫) ও মমতা নন্দী(৪২)। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন। তিনি প্যারা মেডিক্যালের পড়ুয়া ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন পরিবারের সবাই। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান।
এদিন সকালে পরিবারের কাউকে বাইরে বেরতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*