রোজদিন ডেস্ক, কলকাতা:- নৃশংসভাবে খুন হলেন এক তরুণ। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি কালভার্টের পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর নিম্নাঙ্গ নগ্ন অবস্থায় ছিল। নিহত তরুণের নাম সুব্রত দেবনাথ (৩০)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার সোনাডাঙি গ্রামে। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণ পেশায় জীবন বিমা এজেন্ট ও প্রাইভেট টিউটর ছিলেন। ঠিকাদারি কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। কে বা কারা তাঁকে খুন করল তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, কালভার্টের পাশে শুকিয়ে যাওয়া শ্রীমতী নদীর বুকে ওই তরুণের রক্তাক্ত দেহ পড়ে ছিল। ঘটনাস্থল থেকে দুই জোড়া জুতো, একটি ছেঁড়া কাদামাটি মাখা প্যান্ট, চশমা ও মোবাইল উদ্ধার হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সুব্রত খাবার খেয়ে অভ্যাস মতো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ির বাইরে যান। এরপর থেকেই তিনি বেপাত্তা হয়ে যান। শনিবার সকালে বাড়ির অদূরেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Be the first to comment