রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতায় সাংবাদিকের রহস্যমৃত্যু। নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে একবালপুর থানা এলাকায়। মৃতের নাম বাবজি সান্যাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি বাড়িতে একাই থাকতেন। এদিন তাঁকে অচেতন অবস্থায় বাড়িতে রান্নাঘরের পাশে পড়ে থাকতে দেখেন প্রতিবেশী এক মহিলা। তিনি তড়িঘড়ি আশপাশের লোককে খবর দেন। তাঁরা এসে বাবজিকে উদ্ধার করে নিকটতম একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বাড়ি থেকে তাঁর দেহটি উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, সাংবাদিকের দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু, তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় একবালপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে বাবজি সান্যালের রহস্যমৃত্যুর ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশকর্মীরা।
উল্লেখ্য, বাবজি সান্যাল কলকাতায় খুবই জনপ্রিয় সাংবাদিক ছিলেন। বিনোদনের খবর করতেন তিনি। সাংবাদিক মহলে ভালোই নামডাক ছিল তাঁর। বাবজির হঠাৎই এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না সাংবাদিক থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউই।

Be the first to comment