রোজদিন ডেস্ক : এক হাতে ধারালো অস্ত্র দিয়ে টপটপ করে রক্ত পড়ছে, অন্য হাতে কাটা মুন্ডু! শনিবার সকালে এই অবস্থায় এক যুবককে ঘুরে বেড়াতে দেখে আঁতকে উঠেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৌদিকে খুন করে কাটা মুন্ডু নিয়ে ঘুরছিলেন ওই যুবক। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলায় এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম বিমল মন্ডল। এদিন ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায় এলাকায়। পুলিশি জেরায় যুবক জানিয়েছে, কাটা মুণ্ডুটি তাঁর বৌদির। নিহতের নাম শচী মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে এলাকায় তাঁরা ওই যুবককে কাটা মুণ্ডু হাতে ওভাবে দেখে চমকে ওঠেন। নির্লিপ্তভাবে হেঁটে যেতে দেখা যায় তাকে রাস্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (ভিডিও’র সত্যতা যাচাই করেনি রোজদিন) দেখা গিয়েছে, একেবারে ভাবলেশহীনভাবে হেঁটে যাচ্ছে ওই যুবক।
মনে করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করে মহিলার ধড় থেকে মুণ্ডু আলাদা করে ফেলে ওই যুবক। তারপর সেই রক্তাক্ত মাথা নিয়ে রাস্তায় হেঁটে বেরাতে থাকে সে। এরপর সোজা থানায় চলে যায়। তবে কী কারণে সে এমনটা করল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাটা মাথা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শচী দেবীর স্বামী তিন মাস আগে মারা গেছেন। তারপর থেকেই নিত্যদিন দেওর-বৌদির অশান্তি হত। এদিন গন্ডোগোলের মধ্যেই দায়ে করে বৌদির দেহ থেকে মাথা আলাদা করে দেয় যুবক। পরে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও দেখা গিয়েছিল একইরকম ঘটনা। এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে খুন করে, দেহ থেকে মাথা আলাদা করে হাঁটছিল রাস্তায়। এছাড়া নাদিয়ালেও বোনের মুণ্ডু কেটে যুবককে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল। মনোবিদদের মতে, যতদিন যাচ্ছে মানুষের ধৈর্য কমছে। এসব ঘটনা সেদিকেই ইঙ্গিত করে।

Be the first to comment