রোজদিন ডেস্ক, কলকাতা:- বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টি। বাঙালির প্রাণমন ইলিশ ইলিশ করছে। তা ডিম ভরা ইলিশ হোক অথবা তেল যুক্ত ইলিশ। ইলিশের যোগানের অভাবে জামাইষষ্ঠীতে অনেকেরই পাতে জোটেনি এই মাছ।
কিন্তু অবশেষে ইলিশ প্রেমিদের জন্য এবার এলো সুখবর। নামখানার খেয়াঘাটে প্রায় ২৫টি ট্রলার একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ তোলা হয়েছে।
মৎস্যজীবীরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়েছে এবং ধীরে ধীরে আরও ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে, বলে খবর।

সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সুন্দরবন অঞ্চলের প্রায় ৪০ শতাংশ ট্রলার গভীর সমুদ্রে ইলিশ ধরার জন্য পাড়ি দিয়েছিল। প্রথম দিনেই বেশ কয়েকটি ট্রলার ভালো ওজনের ইলিশ ধরতে সক্ষম হয়েছে, যার বেশিরভাগই ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকলে আগামী দিনগুলোতে বাজারে ইলিশের সরবরাহ আরও বাড়বে। প্রাথমিকভাবে ইলিশের দাম কিছুটা বেশি থাকলেও, সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

Be the first to comment