রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বর্ষা প্রবেশ করল পশ্চিমবঙ্গে! দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা সমগ্র পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে গতকালই। সেইসঙ্গে আবার দোসর হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে বর্ষার এই সক্রিয়তা আগামী কয়েক ঘণ্টায় আরো ভালোভাবে লক্ষ্য করা যাবে। এই নিম্ন চাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের জানিয়েছে, মঙ্গলবার বর্ষা শুরু হলেও আজ বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের বেশির ভাগ অংশে বর্ষা ঢুকেছিল আগেই। তবে আগেভাগে এসে পড়লেও গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছিল মৌসুমি বায়ু। আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে বলেই জানা গেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতসহ বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সর্তকতা।
এর পাশাপাশি অন্যান্য জেলা যেমন ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Be the first to comment