রোজদিন ডেস্ক, কলকাতা:- ওড়িশার সমুদ্র সৈকতে বন্ধুর সামনেই কলেজ ছাত্রীকে গণধর্ষণ। ঘটনাটি ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে। জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনেই ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ।
এসপি আরও জানিয়েছেন, ‘ওই তরুণী এবং সন্দেহভাজনদের মেডিক্যাল পরীক্ষা চলছে।’ তবে ওই তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র ওড়িশায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় রাজা উৎসব উপলক্ষে ওই তরুণী (২০) ও তাঁর বন্ধু গোপালপুর সমুদ্র সৈকতে যান। সেই সময় তিনটি বাইকে করে প্রায় ১০ জন যুবক সেখানে এসে তাঁদের ছবি তুলতে শুরু করে। তাঁদের হুমকি দেওয়া হয়, সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা তরুণীর পুরুষ বন্ধুর ওপর চড়াও হয়ে তাঁকে বেঁধে ফেলে এবং ওই যুবতীকে একটি পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে যায়। অভিযোগ, সেখানে তিনজন মিলে তাঁকে গণধর্ষণ করে। ওই তরুণী এবং তাঁর সঙ্গী পরে গোপালপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

Be the first to comment