রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোটার তালিকা সংশোধনের বিষয়ে কয়েকটি নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। তার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দিল্লির নির্বাচন কমিশনে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ প্রকাশ চির বরাইক এবং রাজ্যের তিন মন্ত্রী— ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দফতর গিয়ে এ বিষয়ে দলের আপত্তির কথা জানিয়েছেন।

তারপর সাংবাদিকদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নির্বাচন কমিশন জানিয়েছিল, এসআইআর-এর উদ্দেশ্য হল কোনও ভোটার যেন বাদ না পড়েন। কিন্তু সাম্প্রতিক কিছু নির্দেশিকার ভিত্তিতে আমাদের মনে হচ্ছে, এই পদ্ধতিটির লক্ষ্য প্রথমে যোগ্যতা যাচাই এবং পরে অন্তর্ভুক্তি।’’
তিনি আরোও বলেন, ‘‘আমাদের দাবি ২০২৪ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে এসআইআর করা উচিত।’’ এদিন কল্যাণ বলেন, ‘‘আমরা বলেছি যে ১৮-২১ বছর বয়সি নতুন ভোটারদের অন্তর্ভুক্তিতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বিপুল সংখ্যক ৫০-৬০ বছর বয়সির নাম কী ভাবে হঠাৎ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে?’’
ফিরহাদ হাকিম বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কল্যাণের নেতৃত্বে আমরা কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি। ২০০৩ সালের পরে জন্মগ্রহণকারীদের কাছ থেকে জন্মের শংসাপত্র চাওয়ার নির্দেশিকা সম্পর্কে কথা বলেছি। আমরা বলেছি, ২০২৪ সাল পর্যন্ত যাঁরা ভোট দিয়েছেন তাঁদের এই ধরনের নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। নতুন ভোটারদের তাঁদের নথি জমা দিতে বলা যেতে পারে।’’ প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকায় ২০০৩ সালকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা হয়েছে।
এছাড়াও মনোনয়নের ৪৫ দিন আগে তালিকায় নাম তোলার ব্যবস্থা জাল ভোটারের অন্তর্ভুক্তির আশঙ্কা তৈরি করে বলেও অভিযোগ জানান ফিরহাদ। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আরেকটি বিষয় হল, কেন্দ্রীয় বাহিনী বুথে প্রবেশ করা এবং কিছু জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। আমরা প্রস্তাব দিয়েছি, যদি কেন্দ্রীয় বাহিনী থাকে, তা হলে রাজ্য পুলিশেরও বুথের ভেতরে থাকা উচিত। বুথের ভেতরে যেখানে ভোটগ্রহণ চলছে সেখানে কোনও বাহিনীকেই প্রবেশ করতে দেওয়া উচিত নয়।’’

Be the first to comment