নতুন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও ডাক নেই দিলীপ ঘোষের! প্রসঙ্গ এড়ালেন সকলেই

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সদ্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান হয়। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও, ছিলেন না দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানে। এদিকে, বিজেপি সূত্রে খবর, শমীক ভট্টাচার্যের বরণ অনুষ্ঠানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্য নেতৃত্বকে নিষেধ করেছেন দিলীপ ঘোষকে এই সমাবর্তন বা রাজ্য সভাপতি বরণ সংক্রান্ত বিষয়ে আমন্ত্রণ করতে। তাই দিলীপ ছিলেন অনুপস্থিত। পূর্বের ও বর্তমানের বেশিরভাগ রাজ্য পদাধিকারী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

কেন দিলীপ ঘোষ এলেন না? প্রশ্ন শুনে বিজেপির বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে বললেন, ”পরে বলব। বলব না। বর্তমান রাজ্য সভাপতি বলবে।” সদ্য রাজ্য সভাপতির পদে বসা শমীক ভট্টাচার্যকেও এ প্রশ্নের মুখোমুখি হতে হয়। জবাবে শমীক যা বলেন, তা অবিশ্বাস্য। শমীক ভট্টাচার্য বলেন, ”আমি নিজেই এই মঞ্চে আমন্ত্রিত। আমি জানি না বিষয়টা।”

প্রসঙ্গত উল্লেখ্য, দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। তারপর থেকেই সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও। ফলে জল্পনা আরও তীব্রতর হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*