রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার সকাল থেকে ঘাটালে বন্যা পরিস্থিতি তুলনামূলক ভাবে স্থিতিশীল বলে জানিয়েছিল সেচ দপ্তর। এদিকে জল নামলেও এখনও ঘাটালের ১২টি ওয়ার্ডে জলের পরিমাণ বেশি। এর মধ্যে ঘাটালের ৫,৬,৭, ৮ নম্বর ওয়ার্ডে চাউলি, হরিশপুর, রামচন্দ্রপুর, সিংপুর এলাকা নীচু হওয়ায় এখনও গলা পর্যন্ত জল জমে রয়েছে। পাশাপাশি, ঘাটালের ১২টি গ্রাম পঞ্চায়েতও জলের তলায়। পানীয় জলের জন্য হাহাকার চলছে সর্বত্র। তার সঙ্গে বাড়তি ভোগান্তির কারণ হয়েছে বিদ্যুৎ পরিষেবা, বেহাল রাস্তা ও যান চলাচলের সমস্যা।
নৌকো করে জল আনতে আসতে হচ্ছে মানুষকে। এমন সময়ে আশাকর্মীরা নৌকো নিয়ে জলমগ্ন এলাকায় যাচ্ছেন। বয়স্ক থেকে প্রসূতিদের দেখভাল করছেন তাঁরা। ঘাটাল মহকুমার অজবনগর, মনসুকা, সুলতানপুর, যদুপুর, বাছরাকুণ্ডু প্রভৃতি অঞ্চলে একই চিত্র। এখনও জলের নীচে নলকূপ, জলের ট্যাপ ও সাবমার্সিবল ট্যাঙ্ক। বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাহাকার শুরু হয়েছে।
কিন্তু চাউলি, রামচন্দ্রপুর, সিংহপুরের বাসিন্দাদের অভিযোগ, জলের যথেষ্ট পরিমাণে পাউচ সরবরাহ করা হচ্ছে না। পাকা রাস্তার উপরেই জলের গাড়ি রাখা হচ্ছে, যেখানে পৌঁছনো মুশকিল। বৃষ্টির জন্য ঘাটালে জমা জল কিছুটা নামলেও মানুষের দুর্ভোগ কাটল না। জল কমেছে শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণ, কেঠিয়াখাল ও ঝুমি খালে।

Be the first to comment