রোজদিন ডেস্ক : প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা সভাপতি শিবু সোরেন। ৮১ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ‘দিশোম গুরুজি’। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁর পুত্র তথা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স-এ লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।’
সাঁওতাল সম্প্রদায়ের সন্তান শিবু সোরেন জন্মেছিলেন বিহারের রামগড় জেলায়। ১৯৭২ সালে বামপন্থী শ্রমিকনেতা একে রায় এবং বিনোদ বিহারী মাহাতর সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সংগঠনটি ধীরে ধীরে হয়ে ওঠে পৃথক রাজ্যের দাবিদার মূল সংগঠন। দীর্ঘ লড়াইয়ের পর ২০০০ সালে তৈরি হয় ‘ঝাড়খণ্ড’। এই গোটা রাজনৈতিক সংগ্রামের মুখ ছিলেন শিবু সোরেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার জনজাতি ভাই-বোনেদের ‘দিশোম গুরু’ শিবু সোরেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। সহৃদয় সমবেদনা জানাই আমার ভাই এবং বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন’কে। তাঁর পরিবার, সহকর্মী এবং অসংখ্য অনুগামীদের প্রতিও সমবেদনা রইল। শিবু সোরেনকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং খুবই শ্রদ্ধা করি। আজ ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায় শেষ হয়ে গেল।’

Be the first to comment