ডিভিসি বাংলাকে ডুবিয়েছে, এবারের ব্যর্থতা শুধু নজিরবিহীনই নয়, উদ্দেশ্যপ্রণোদিত; বন্যা নিয়ে ডিভিসিকে দুষলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক , কলকাতা:- টানা বৃষ্টির কর ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা। এই নিয়ে কেন্দ্রের দিকে সরাসরি আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে তিনি দাবি করলেন, ডিভিসির জল ছাড়ার পদ্ধতি একেবারে অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলা-বিরোধী। এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “ডিভিসির ‘বন্যা নিয়ন্ত্রণ’ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে। এবারের ব্যর্থতা শুধু নজিরবিহীনই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।”

তাঁর দাবি, চলতি বছরের জুন-জুলাই মাসে ডিভিসি থেকে ছাড়া হয়েছে ৫০,২৮৭ লক্ষ কিউবিক মিটার জল, যেখানে ২০২৪ সালে এই পরিমাণ ছিল ৪,৫৩৫ লক্ষ কিউবিক মিটার। অর্থাৎ, ১১ গুণ বেশি জল ছাড়া হয়েছে গত বছরের তুলনায়, আর ২০২৩ সালের তুলনায় তা ৩০ গুণ বেশি। তিনি অভিযোগ করেন, “এটা কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা সম্পূর্ণভাবে একটি ম্যান-মেড বা মানুষের তৈরি বিপর্যয়। দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটা একেবারে পরিকল্পিত চেষ্টা।”

তিনি দাবী করেন, এত বিপুল জল ছাড়ার ফলে একাধিক জেলা প্লাবিত হয়েছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বহু বাঁধ ও রাস্তা ভেঙে গিয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন। তিনি বলেন “ডিভিসির এই ভূমিকাকে সারা দেশে কেন্দ্রের বাংলা-বিরোধী মনোভাবের সঙ্গেই দেখতে হবে। কেন্দ্র যেভাবে রাজ্যকে কোণঠাসা করতে চাইছে, এটা তারই একটা অংশ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*