ফের দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা, ভারী বৃষ্টির সতর্কতা জারি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যজুড়ে আবার বৃষ্টির প্রকোপ বাড়লো। আবার মাথাচাড়া দিয়ে উঠল বর্ষা। রাজ্য জুড়ে ফের ঝেঁপে বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার রাত থেকেই সেই সম্ভাবনা বেশ চারিদিকে টের পাওয়া যাচ্ছে। রাতেই বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই চলছে ভারী বৃষ্টি কলকাতা ও পার্শ্ববর্তী একাধিক জেলা জুড়ে। আগামী কয়েকদিনে বাংলার উত্তর থেকে দক্ষিণে কী পরিস্থিতি তৈরি হবে, সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৬ দিন অর্থাৎ প্রায় এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। বুধবারও আবহাওয়া এমনটাই থাকবে। তবে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। কোচবিহার ও মালদাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। বৃষ্টির জেরে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক নদীতে বাড়তে পারে জলস্তর।
কলকাতায় রোজই বিক্ষিপ্ত বৃষ্টি-বাদলার পূর্বাভাস থাকছে। অর্থাৎ আগামী কয়েকদিন রাস্তার জমা জল, যানজট পেরিয়েই গন্তব্যে পৌঁছতে হবে, তা বেশ বোঝা যাচ্ছে।
একটানা বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা আরামদায়ক হলেও, বৃষ্টি কমলেই যেভাবে আপেক্ষিক আর্দ্রতার বাড়াবাড়িতে গলদঘর্ম অবস্থা হচ্ছে, তা আপাতত কমছে না। এদিকে, বিভিন্ন জেলায় কৃষকদের চাষের ক্ষতিও লক্ষ্যণীয়। অনেক জমি জলের তলায় থাকায় কৃষকদের ক্ষতি হচ্ছে। বহু জায়গায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*